২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শ্যামপুরে ভিওআইপিতে ব্যবহারযোগ্য সরঞ্জাম আটক

রাজধানীর শ্যামপুর এলাকার মুরাদপুর মাদ্রাসা সড়কে ‘স্কাইলাইন নেটওয়ার্ক’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ভিওআইপিতে ব্যবহারযোগ্য যন্ত্রপাতিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. ফারুক (৪০) ও মো. রাকীব (১৯)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

র‌্যাব-১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সোমবার দুপুর তিনটায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিটিটিবির তিনটি সংযোগ পাওয়া যায়। এছাড়া সেখানে চারটি মডেম, তিনটি টেলুলার, তিনটি পিসিও কনফারেন্স ইউনিট, তিনটি কম্পিউটার, ৬টি টেলিফোন সেট, একটি আইপিএস, বাংলালিংক ও গ্রামীণের সিম ও কম্পিউটার এক্সেসরিজ পাওয়া যায়। হুমায়ুন কবীর বলেন,“ উদ্ধারকৃত যন্ত্রপাতিগুলোর আনুমানিক মুল্য ১২ লাখ টাকা।”

অভিযানে অংশ নেওয়া এএসপি এনামুল কবীর জানান, গ্রেপ্তারকৃতদের র‌্যাব-১০ এর ধলপুরের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে শ্যামপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।