অযোগ্য বিচারকদের সরানোর দাবি আইনজীবীদের
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অযোগ্য ও অদক্ষ বিচারকদের অপসারণের দাবি জানিয়েছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।
‘বিচারক নিয়োগে অনিয়মের কারণে দেশের বিচার ব্যবস্থায় সৃষ্ট প্রলয় ২০ বছরেও ঠিক করা যাবে না’-নোয়াখালীতে প্রধান বিচারপতির এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার তারা এই দাবি জানান।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, ক্ষোভ বা দুঃখ প্রকাশের চেয়ে অযোগ্য বিচারকদের সরানো উচিত। বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সব সরকারের আমলে দলীয় আনুগত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির বলেন, বিচারক নিয়োগ পদ্ধতিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে সবাই মিলে এর সমাধান করা উচিত।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান। তিনি বলেন, “অযোগ্য ও অদক্ষ বিচারকদের অপসারণের জন্য এখনই সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে রাষ্ট্রপতির ব্যবস্থা নেওয়া উচিত।”
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকনউদ্দিন মাহমুদ বলেন, প্রশ্নবিদ্ধ এবং অনুপযুক্ত বিচারকদের এখনই সরিয়ে ফেলা উচিত। এরা জাতির বোঝা। তাদের জন্য ২০ বছর অপেক্ষা করে লাভ নেই।
সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে সুষ্ঠু প্রক্রিয়া থাকা প্রয়োজন। প্রধান বিচারপতি অনেক কিছু বুঝেই বক্তব্য দিয়েছেন।
