বরিশালে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
বরিশালে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ শফিউদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সেলিম শরীফ, মোশারফ হাওলাদার, মানিক শিকদার, সুমন তামির্দার ও মিলন।
১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ওই পাঁচ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিল একই গ্রামের সেলিম শরীফের। এ নিয়ে ২০০৩ সালের ৭ এপ্রিল দুই জনের মধ্যে একটি গ্রাম্য সালিশও হয়। ওইদিন অমীমাংসিত অবস্থায় সালিশ শেষে বাড়ি ফেরার পথে আসামীরা মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও মতিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়।
পরের দিন মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে আতিকুল ইসলাম রিপন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মাইনুল ইসলাম ২০০৩ সালের ১০ নভেম্বর ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেন।
