টাঙ্গাইলের তিন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
টাঙ্গাইলের পৌর কমিশনারসহ তিন বিএনপি নেতার বিরুদ্ধে রোববার চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক ঠিকাদার।
শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার ঠিকাদার নজরুল ইসলাস রোববার সদর থানায় দায়ের করা মামলার আর্জিতে বলেন, ২০০৩ সালের ২ মার্চ জেলা ছাত্রদল সভাপতি ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম এবং টাঙ্গাইল পৌরসভার কমিশনার ও জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি মোমিনুল হক খান নিক্সন তার বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে তিনি নিক্সনের হাতে ৯০ হাজার টাকা তুলে দেন। তিনি বলেন, এতোদিন আসামীদের ভয়ে তিনি মামলা করার সাহস পাননি।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপ পরিদর্শক অনিমেষ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
