২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সাবেক সাংসদ লালুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বগুড়া-৭ আসনে বিএনপির সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও পৌর চেয়ারম্যান মোর্শেদ মিল্টনসহ ১৬ জনের বিরুদ্ধে রোববার চাঁদাবাজির একটি মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বগুড়ার গাবতলী থানা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আযম খান বাদী হয়ে বগুড়া ‘গ’ অঞ্চল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমানকে নির্দেশ দিয়েছেন।

বাদী তার অভিযোগে বলেন, ২০০১ সালের ২৮ ডিসেম্বর বগুড়া শহর থেকে গাবতলীর নিজ বাড়িতে ফেরার সময় পদ্মপাড়া এলাকায় লালু ও মিল্টনের লোকজন তাকে মারধর করে সঙ্গে থাকা কিছু টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করে। এই টাকা না দেওয়ায় পরে সাবেক সাংসদের নির্দেশে তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়।

হেলালুজ্জামান তালুকদার লালু গত ১২ ফেব্রুয়ারি বগুড়া শহরের নিজ বাসভবন চম্পামহল থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন। মোর্শেদ মিল্টনও ঢাকায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।

ত্রাণের মালামাল আত্মসাত, অবৈধ ওয়ারলেস টাওয়ার নির্মাণ, অপহরণ, চাঁদাবাজির ঘটনায় এপর্যন্ত লালুর বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছে।