২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ইডেনের ছাত্রী আহত, সড়ক অবরোধ

রাজধানীর আজিমপুরে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ইডেন কলেজের ছাত্রী ছবি আখতার (২০) আহত হওয়ার জের ধরে কলেজের বিক্ষুব্ধ ছাত্রীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 10:47 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ছবি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

লালবাগ থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইডেনের প্রধান ফটকের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লেগুনা হিউম্যান হলার ছবিকে ধাক্কা দেয়।

এ ঘটনার পর কলেজের সামনের সড়কে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা সাতটার দিকে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

খবর পেয়ে লালবাগ থানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। এরপর কলেজের অধ্যক্ষ এবং পুলিশ কর্মকর্তারা দাবি অনুযায়ী পর্যাপ্ত গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে ছাত্রীরা রাত নয়টার দিকে অবরোধ তুলে নেন।

আহত ছবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা জ্যোতি প্রকাশ খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাকবলিত লেগুনা এবং এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ছাত্রীদের দাবি অনুযায়ী কলেজের সামনের সড়কে পর্যাপ্ত গতিরোধক নির্মাণের ব্যবস্থা করা হবে।