বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য ও পর্যটন সুবিধা সম্প্রসারণের জন্য সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে দুই দেশের সরকার।
শনিবার মিয়ানমারের রাজধানী নে পে টাওতে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদের উপস্থিতিতে এ ব্যপারে একটি চুক্তি অনুস্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান এবং মিয়ানমারের যোগাযোগ উপমন্ত্রী উ থিন্টশ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
শনিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশের রামু থেকে মিয়ানমারের বাউলিবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা বাংলাদেশের অর্থায়নে নির্মাণ করা হবে। পরবর্তীতে ওই সড়ক চীন ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সহায়ক হবে।
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম খায়রুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইকতিয়ার চৌধুরী এবং মিয়ানমারের যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক উ খিন মুয়াং সাই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
