২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস ধরে চ্যানেল ওয়ান ‘দখল’ করে রেখেছেন অবসর প্রাপ্ত এক সেনা কর্মকর্তা

অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা গত দেড় মাস ধরে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন টেলিভিশনটির কর্মকর্তারা। পদ ‘দখল’ করে তিনি বের করে দিয়েছেন অনুষ্ঠান বিভাগের প্রধান এম বরকত উল্লাহকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

চ্যানেল ওয়ানের কর্মকর্তারা জানান, তাদের চেয়ারম্যান এম এ এইচ সেলিম এবং ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর মেজর (অব.) এ কে এম মাসুদ পারভেজ সেনাবাহিনীর ভয় দেখিয়ে চ্যানেল ওয়ান দখলের চেষ্টা করেন।

১৮ মার্চ নিয়মবর্হিভূতভাবে চ্যানেল ওয়ানের নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় মেজর (অব.) এ কে এম মাসুদ পারভেজকে । আইন অনুসারে পরিচালনা বোর্ডের সদস্যদের সম্মতিক্রমে নির্বাহী পরিচালক নিয়োগ করার নিয়ম থাকলেও ওয়ান এন্টারটেইনমেন্টের অন্যতম পরিচালক ও বিএনপি নেতা অধ্যাপক মাজেদুল ইসলাম অন্য পরিচালকদের সম্মতি ছাড়াই তাকে নিয়োগ দেন। যৌথবাহিনীর হাত থেকে রক্ষার করার শর্তে মেজর (অব.) মাসুদ পারভেজ মাজেদুল ইসলামের কাছ থেকে নিয়োগ নেন বলে দাবি করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলটির শীর্ষ কর্মকর্তারা।

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন প্রথমে আত্মগোপন এবং পরে যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম চ্যানেল ওয়ান পরিচালনার দায়িত্বভার নেন। এরপর তাকেও যৌথবাহিনী আটক করলে পরিচালক অধ্যাপক এম মাজেদুল ইসলাম চ্যানেল ওয়ানে এসে কাজ কর্ম দেখা শুরু করেন। তবে মাজেদুল ইসলামের প্রতি সংখ্যাগরিষ্ঠ পরিচালকের অনুমোদন না থাকায় তিনি ব্যাংক হিসাব পরিচালনা করতে পারছেন না।

নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ পাওয়ার পরপরই চ্যানেল ওয়ানের পুরো কর্তৃত্ব নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন মেজর (অব.) এ কে এম মাসুদ পারভেজ । ২১ মার্চ চ্যানেল ওয়ান অফিসে কয়েকজন সাংবাদিক ডেকে তিনি নিজেকে চ্যানেল ওয়ানের মালিক, পরিচালক, প্রিভিউ কমিটির চেয়ার‌ম্যান ও অনুষ্ঠান বিভাগের প্রধান হিসাবে দাবী করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চ্যানেল ওয়ানের বেশ কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেআইনিভাবে নিয়োগ পেয়েই এ কে এম মাসুদ পারভেজ ওয়ানের কর্মচারীদের হুমকি ধমকি দেওয়া শুরু করেন। নিজস্ব লোক দিয়ে অফিসে মহড়া দেন। বিভিন্ন কাগজপত্র পরীক্ষার নাম করে কর্মচারীদের হয়রানি শুরু করেন। এর মধ্যে সম্প্রতি অনুষ্ঠান বিভাগের প্রধান এম বরকতুল্লাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। বুধবার রাতে অফিসে নোটিশ লাগিয়ে এ সম্পর্কে ঘোষণা দেওয়া হলেও নোটিশে কারও কোন স্বাক্ষর নেই। সর্বশেষ এম বরকত উল্লার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।

মাসুদ পারভেজ ২ এপ্রিল বাদী হয়ে গুলশান থানায় চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিমের বিরুদ্ধে অধ্যাপক মাজেদের স্বাক্ষর জাল করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রধান সাক্ষী করা হয়েছে অধ্যাপক মাজেদকে।

এ মামলা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন বলেন, তদন্তের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। স্বাক্ষর পরীক্ষার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, মাসুদ পারভেজ চ্যানেল ওয়ানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর কাছে নিজেকে প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দাবী করে কাগজপত্র দেখিয়েছেন। পরিচালক হিসাবে শেয়ার বিক্রি করতে হলে পরিচালনা পরিষদের অনুমোদনের প্রয়োজন হয়। এক্ষেত্রে তার অনুমোদন নেই। এছাড়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এখন আটক। অধিকাংশ পরিচালকই আত্মগোপনে।

মাসুদ পারভেজের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। বরকত উল্লাহ ও বার্তা বিভাগের প্রধান নাজমুল আশরাফ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি অনুষ্ঠান প্রধান হিসাবে পরিচয় দেইনি। অনুষ্ঠান ক্রয়ে উৎকোচ নেওয়ার কারণে অনুষ্ঠান প্রধান এম বরকতুল্লাহকে পদত্যাগ করতে বলা হয়েছে। এখনও তাকে বরখাস্ত করা হয়নি।”

তিনি বলেন, “ কাউকে যৌথবাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেইনি। যৌথবাহিনী কোন কারণ ছাড়া কাউকে ধরে না। কাউকে ধরলে নির্দিষ্ট কারণেই ধরবে। চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আটক করার অবশ্যই কারণ আছে।”

অধ্যাপক মাজেদুল ইসলামের স্বাক্ষর জাল করার অভিযোগে চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় চ্যানেল ওয়ানের পক্ষে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগের বৈধাতা সম্পর্কে তিনি বলেন, “ পরিচালক হিসাবে অধ্যাপক মাজেদ যদি সংবাদ পাঠক নিয়োগ দিতে পারেন তাহলে আমাকে কেন নিয়োগ দিতে পারবে না।

“ ঢাকার ৯০ ভাগ সাংবাদিক আমাকে চেনেন। আমি অনেক সংগঠনের পৃষ্টপোষক। কালচারাল সাংবাদিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক। অধ্যাপক মাজেদ আমার আত্মীয়। তাই বিনা বেতনে নির্বাহী পরিচালক হিসাবে সেখানে কাজ করি।”

অপরদিকে চ্যানেল ওয়ানের অনুষ্ঠান প্রধান এম বরকত উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ অনুষ্ঠান ক্রয়ের চুক্তি করেন ব্যবস্থাপনা পরিচালক। আমি কেবল নির্ধারণ করে দেই। ক্রয় প্রক্রিয়ায় আমার কোনো স্বাক্ষর থাকে না। চ্যানেল ওয়ানে নির্বাহী পরিচালকের কোন পদ নেই। অথচ মেজর (অব.) মাসুদ পারভেজ নির্বাহী পরিচালক হিসেবে এসে অনুষ্ঠান প্রধান হতে চান। নিজের ইচ্ছামতো অনুষ্ঠান চালাতে চান।”

তিনি বলেন, উনার নিয়োগ অবৈধ। এ নিয়োগ নিয়ে কোনো বোর্ড মিটিং হয়নি। এটা বেআইনি। উনি চ্যানেল ওয়ানের একতা নষ্ট করতে এসেছেন।

নাজমুল আশরাফ বলেন, “ আমি তার কথা এর আগে কখনও শুনিনি। তিনি হঠাৎ করে নিজেকে দায়িত্বশীল বলে দাবী করছেন।”

এ সম্পর্কে চ্যানেল ওয়ানের পরিচালক অধ্যাপক এম মাজেদুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি টেলিফোনে কোনো কথা বলতে রাজি হননি।