ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুনের রহস্য উদঘাটিত হয়নি
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলে জোড়া খুনসহ ডাকাতির ঘটনার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনা তদন্তে চারজন পরিদর্শকের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
টিমটি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। ঘরের খাবার-দাবার রাসায়নিক পরীক্ষার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে নিহত মাদ্রাসা ছাত্র ও ব্যবসায়ীর লাশ শুক্রবার সকালে দাফন করা হয়েছে।
ডাবল মার্ডারের এ ঘটনাসহ সাম্প্রতিক সময়ে শহরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত না হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে একদল ডাকাত শহরের উত্তর মৌড়াইলের চৌধুরী কটেজের মালিক নূর মোহাম্মদ চৌধুরীর রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় নূর মোহাম্মদ চৌধুরী ও তার পরিবার পরিজন বাড়িতে ছিলেন না। ডাকাতরা নগদ সাড়ে চার হাজার টাকা, কিছু স্বর্ণালংকারসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ঘরে ঘুমন্ত অবস্থায় মাদ্রাসা ছাত্র ইসহাক (১৯) ও সুতা ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৩২) জবাই করে হত্যা করে।
বাড়ি পাহারা দেওয়ার জন্য ওই দুজনকে বাড়িতে রেখে গিয়েছিলেন নূর মোহাম্মদ চৌধুরী।
পরে বাড়ির মালিক বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে এসে ঘরের জিনিসপত্র তল্লাশি করে জানান, নগদ সাড়ে চার হাজার টাকা, স্বর্ণালংকারসহ ১০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।
বাড়ির গৃহকর্ত্রী ফিরোজা খাতুন বাদি হয়ে সদর থানায় খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ জানান, ঘটনার কোন ক্লু এখনও বের করা যায়নি। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশ দুটির ময়না তদন্ত সম্পন্ন হয়। জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র মো. ইসহাক এর বাড়ি নবীনগর উপজেলার লক্ষীপুরে এবং সুতা ব্যবসায়ী রফিকুল ইসলামকে শহরের মৌলভীহাটি গোরস্তানে দাফন করা হয়।
পুলিশ সুপার মো:আতাউল কিবরিয়া জানান, রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
