২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে জনশক্তি রপ্তানিকারক গ্রেপ্তার

বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে শেখ বোরহানউদ্দিন সেলিম নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 05:33 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি লাইসেন্স করা বিদেশি রিভলবার, প্রচুর জাল পাসপোর্ট ও বিভিন্ন দূতাবাসের সিলমোহর উদ্ধার করা হয়েছে। প্রতারিত লোকজন টাকা ফেরত চাইলে সে রিভলবারটি দেখিয়ে ভয়ভীতি দেখাতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী মেজর সাঈদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব হেডকোয়ার্টারের একটি বিশেষ দল শুক্রবার ভোররাতে বোরহানউদ্দিনকে তার পল্টনের বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অবৈধভাবে মানুষ পাচারসহ অর্থ আত্মসাৎ, চোরাই গাড়ির ব্যবসা, ছিনতাই ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

মেজর সাঈদুল জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।