ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন খুন
শহরের উত্তর মৌড়াইলে একদল দুর্বৃত্তের হাতে দুইজন খুন হয়েছে।
নিহতরা হচ্ছে, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র মো. ইসহাক (১৯) ও উত্তর মৌড়াইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা ভেঙ্গে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
তবে ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শক্রতার জের ধরে করা হয়েছে পুলিশ তা নিশ্চিত করে বলতে পারছে না।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত একটায় উত্তর মৌড়াইলের জনৈক নূর মোহাম্মদ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চট্টগ্রাম যায়। বাড়ি পাহারার জন্য রেখে যান ইসহাক ও রফিককে। রাতের কোন এক সময় এক বা একাধিক দুর্বৃত্ত বাড়ির রান্না ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে কুপিয়ে ইসহাক ও রফিককে হত্যা করে।
পুলিশ সুপার আতাউল কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক বনমালী ভৌমিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এটি হত্যাকাণ্ড নাকি খুনসহ ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে।
