২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকাদেশের মেয়াদ সম্পর্কে সিদ্ধান্ত নিতে ‘দুর্নীতিবাজ’ রাজনীতিবিদদের উপদেষ্টা বোর্ডে হাজির

জরুরি অবস্থা জারির পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া শীর্ষ ১০ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাসহ ৪৮ জনের আটকাদেশ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের হাইকোর্টের উপদেষ্টা বোর্ডে হাজির করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:37 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বিচারপতি মোঃ আবদুল মতিন, বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের উপদেষ্টা বোর্ড এ বিষয়ে শুনানি গ্রহণ করলেও সিদ্ধান্তের বিষয়টি গোপনীয় বলে সাংবাদিকদের জানানো হয়নি।

আদালতে হাজির হওয়া আটকাদেশপ্রাপ্ত শীর্ষ রাজনৈতিক নেতারা হলেন, সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর নাসিরউদ্দিন, বিএনপির সাবেক সাংসদ নাসের রহমান, বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী, আওয়ামী লীগ নেতা লোটাস কামাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুর একটায় তাদের হাজির করা হয়। গত ৪ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির পর এদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ৫ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে তাদের ৩০ দিনের আটকাদেশ দেয়। মার্চের ৩ তারিখ ওই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়। তাদের আটকাদেশের মেয়াদ এ ১২০ দিন এর চেয়ে বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের জন্য উপদেষ্টা বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

সরকারের বক্তব্য এবং অভিযুক্তদের ব্যক্তিগত মতামত শুনে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন উপদেষ্টা বোর্ড। আদালতে হাজির করার পর তাদের দেখতে আত্মীয়-স্বজন ও আইনজীবীরা ভিড় করেন এবং কুশল বিনিময় করেন।

এদিকে হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারি এসব নেতাকর্মীর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছিল। ৩ এপ্রিল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের আবেদন শুনানির জন্য গ্রহণ (লিভ টু আপিল মঞ্জুর) করে আপিল বিভাগ। একইসঙ্গে ওই রায় এক মাসের জন্য স্থগিত করা হয়।