১০ টিভি চ্যানেল নিষিদ্ধ
বিদেশি ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করেছে সরকার। বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় চ্যানেল ভি, এএক্সএন, জুম টিভি, রেইন টিভি, ফ্যাশন টিভি, জিকপ, মিউজিক ইন্ডিয়া, সিনে ম্যাক্স, দ্য মিউজিক এবং জি ট্রেন্ডজ এ দশটি চ্যানেল এখন থেকে বাংলাদেশে ডাউনলিংক করা যাবে না।
‘বিদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের সম্প্রচার ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬’-এর ১৯ নম্বর ধারার পরিপন্থী হওয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কোনও টেলিভিশন বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। নুতন চ্যানেলের সম্প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
