২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিডিআর-বিএসএফ মধ্যে ৩ দিনব্যাপী বৈঠক শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফের মধ্যে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘বর্ডার কো-অর্ডিনেশন কনফারেন্স’ শীর্ষক বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যাগুলো মূল এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিন দিনব্যাপী বৈঠকে বাংলা বাজার, ছাতক ও সিলেটসহ অন্যান্য ভারতীয় সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের চোরাচালান, বাংলাদেশের বিভিন্ন অংশের জমি দখল ও উদ্ধার, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, ভারতের কাঁটাতারের বেড়ার প্রতিবন্ধকতা, বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশিদের হত্যাসহ অন্যান্য বিষয়গুলো স্থান পাবে।

বৈঠকে বাংলাদেশের ১১ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের উপ-মহাপরিচালক এস এম গোলাম রব্বানী। অপরদিকে, ভারতীয় ১৫ সদস্যের দলের নেতৃত্বে আছেন আসাম ও মেঘালয় প্রদেশের বিএসএফের মহাপরিদর্শক পিকে মিশরা।

বৈঠকে ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সুনামগঞ্জসহ বিভিন্ন সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনার বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিডিআরের একজন উর্ধ্বতন কর্মকর্তা।