সরকারের ‘স্ববিরোধিতা’র জবাব নেই মইনুলের কাছে
শেখ হাসিনাকে নিয়ে সরকারের স্ববিরোধী আচরণের কোনো জবাব নেই তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি ‘অরাজনৈতিক’ জানিয়ে তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলতেও অস্বীকার করেছেন।
সোমবার তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আমরা অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার। এ কারণে রাজনীতির বিষয়ে কোনো কথা বলব না।”
বর্তমান সরকার বিদেশে থাকা হুলিয়া জারি হওয়া আসামীদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে। আবার হুলিয়াপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে দেশে আসতে দিচ্ছে না-সরকারের এই স্ববিরোধিতার ব্যাপারে প্রশ্ন করা হলে মইনুল হোসেন বলেন, “এর জবাব আমার কাছে নেই।”
শেখ হাসিনাকে বিট্রিশ এয়ারওয়েজে বহন না করার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধ জানানোর ঘটনা সত্য কিনা-এ প্রশ্নেরও জবাব দেননি উপদেষ্টা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আদালতের। এ ব্যাপারে তারাই ভাল বলতে পারবেন।”
