২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে উন্নত প্রযুক্তির রাডার স্টেশন উদ্বোধন

কক্সবাজারের দরিয়ানগরে উন্নত প্রযুক্তির ‘ডপলার’ রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রোববার। বিকালে বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত মাসাইওকি ইনুয়ি রাডার স্টেশনটি উদ্বোধন করেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

আধুনিক এই রাডার বঙ্গোপসাগরে সৃষ্ট ৪০০ কিলোমিটার দূরের মেঘ, মেঘের পরিমাণ এবং নিম্নচাপ ও লঘুচাপের নিখুঁত তথ্য দিতে সক্ষম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

কক্সবাজারের একটি হোটেলে বিকাল সাড়ে ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা সচিব কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জাপানি রাষ্ট্রদূত মাসাইওকি ইনুয়ি ও জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির (জাইকা) আবাসিক প্রতিনিধি নবুকো কায়াশিমা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের প্রকল্প পরিচালক আর্জুমান্দ হাবিব।

পরে বিকাল সোয়া ৪টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউস সংলগ্ন রাডার স্টেশনে এসে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এস ব্যান্ড ডপলার রাডার স্টেশনটির উদ্বোধন করা হয়।

কক্সবাজার আবহাওয়া দপ্তর সূত্র জানায়, জাপান-বাংলাদেশ যৌথ আর্থিক সহযোগিতায় কক্সবাজারে এখনকার ‘এস ব্যান্ডে’র রাডার স্টেশনটির কাছেই ‘ডপলার’ রাডার স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৬ সালে জানুয়ারি মাসে। জাপানের কারিগরি সহযোগিতায় গড়ে ওঠা এই স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৫১ কোটি টাকা। ২০০৬ সালের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। রোববার রাডার স্টেশনটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া দপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ দীপক কুমার নাথ জানান, কক্সবাজারে ১৯৬৮ সালে ডেনমার্কের কারিগরি সহায়তায় সর্বপ্রথম নির্মিত রাডার স্টেশনটি ছিল ‘এস’ ব্যান্ডের। এটি কেবল মেঘের আনাগোনা সংক্রান্ত তথ্য দিতে পারত। নতুন ‘ডপলার’ রাডারটি বঙ্গোপসাগরে সৃষ্ট ৪০০ কিলোমিটার দূরবর্তী মেঘ, মেঘের পরিমাণ, নিম্নচাপ, লঘুচাপ এবং সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে নিখুঁত তথ্য দিতে পারবে। এছাড়া স্টেশনটির মাধ্যমে ১২০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ, দিক নির্দেশনা ও আবহাওয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

তিনি আরো জানান, এই স্টেশনের মাধ্যমে পাওয়া তথ্য ভি-স্যাটের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একই ধরনের আরেকটি ডপলার রাডার স্টেশন নির্মাণ করা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ায়।