খালেদার সঙ্গে তারেকের দেখা
বিশেষ ব্যবস্থায় শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের দেখা হয়েছে। কারাগারে আটক তারেকের সঙ্গে খালেদার এই সাক্ষাতের বিষয়ে সরাসরি মুখ খুলছেন না সরকারের দায়িত্বশীল কেউ। সংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্র এ ব্যাপারটি নিশ্চিত করলেও সাক্ষাতের সময় ও স্থান সম্পর্কে কেউই উদ্ধৃত হতে চাননি।
সেনাবাহিনীর একটি সূত্র জানায় তারেককে সকাল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়। এর প্রায় একঘণ্টা পরে বাসা থেকে বের হন খালেদা জিয়া। সম্মিলিত সামরিক হাসপাতালে বা সেনানিবাসের কোনো একটি জায়গায় তাদের দেখা হয় বলে নামপ্রকাশে অনিচ্ছুক ভিন্ন দুটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়।
একটি প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে তারেককে বের করে আনা হয়। শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে খালেদা জিয়া সকাল সাড়ে ৬টার দিকে বেরিয়ে যান এবং ১০ টায় আবার ফিরে আসেন। খালেদা জিয়ার পারিবারিক একটি সূত্র এর সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
সাক্ষাতের পরই তারেককে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
খালেদার সঙ্গে তারেক রহমানের বিশেষ ব্যবস্থায় এই সাক্ষাতের আইনি ভিত্তি সম্পর্কে অ্যাডভোকেট আনিসুল হক বলেন. কারাবিধান অনুযায়ী শাস্তিপ্রাপ্ত বন্দিকে সুনির্দিষ্ট জরুরি কোনো কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বিশেষ শর্তসাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট প্যারোলের জন্য অনুমতি দিতে পারেন। কিন্তু তারেকের ক্ষেত্রে প্যারোল সম্ভব নয়। অবশ্য আটকাদেশ পাওয়া তারেককে শর্তাধীন মুক্তি দিতে পারে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কর্তৃপক্ষ কেউই খালেদা-তারেকের সাক্ষাতের ঘটনা স্বীকার করতে চাননি। স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন. “এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।” যুগ্ম সচিব (রাজনীতি) মজিবর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনো কথা বলা যাবে না।”
উপ মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী দুপুর সোয়া ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেক রহমান কাশিমপুর কারাগারে আছেন।
গত ৭ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে যৌথবাহিনী আটক করে নিয়ে যায়।
তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এ পর্যন্ত গুলশান, ধানমন্ডি ও কাফরুল থানায় তিনটি মামলা এবং কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৮ এপ্রিল স্ত্রী ডা. জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেন। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গুঞ্জন ছিল খালেদা জিয়া তার বড় ছেলেকে দেখতে কারাগারে যাবেন। এমনকি পুলিশের বিশেষ শাখা থেকে খালেদা জিয়া এ ব্যাপারে অনুমতি পেয়েছেন বলেও এসবি সূত্র জানিয়েছে।
