ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ছাত্র আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বৃহস্পতিবার শাহবাগ থানা পুলিশ একজন বহিরাগতকে আটক করেছে।
বিকাল চারটায় ওই ছাত্রকে আটক করে পুলিশ । সে বর্তমানে শাহবাগ থানায় রয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুহসীন হলের ৪৫০ নম্বর রুমে মিজানুর রহমান নামে ওই ছেলেটি থাকতো। সে নিজেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র বলে দাবি করে। যদিও তার কাছে ওই বিভাগের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
তবে তার কাছে ইংরেজী বিভাগের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। সে জানায়, টিউশনির সুবিধার জন্য এ পরিচয়পত্র সে করেছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার জানান, সে কাজী নজরুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে হলের এক ছাত্রের সহায়তায় হলে অবস্থান করছিলো।
