জরুরি আইনে জামিন: হাইকোর্টের রায় দেওয়া শুরু
জরুরি ক্ষমতা আইনে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে কিনা সে বিষয়ে রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। আগামী রোববারও রায় দেওয়া অব্যহত থাকবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানি গ্রহণ শেষে রায় দেওয়া শুরু করে।
শুনানিতে আদালতের সহায়তাকারী হিসাবে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, বিচারপতি আবদুল মালেক ও এডভোকেট আবদুল মতিন খসরু।
তারা বলেন, জরুরি ক্ষমতা আইনে বলা হয়েছে, এ আইনে বিচারাধীন মামলায় ‘কোনো আদালত বা ট্রাইবুনালে জামিনের আবেদন করা যাবে না’। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও জামিনের আবেদন করা যাবে না এমন কোনো কথা ওই আইনে বলা হয়নি। ফলে হাইকোর্ট বা আপিল বিভাগ এর আওতায় পড়বে না। তাছাড়া সরকার গত ৮ এপ্রিল জরুরি ক্ষমতা আইন সংশোধন করে জামিনের বিষয়টি শিথিল করেছে। সংশোধনীতে সুপ্রিম কোর্টকে জামিনের ব্যাপারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়নি।
জবাবে সরকারপক্ষের অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, জরুরি ক্ষমতা আইনে ‘কোনো আদালত’ বলতে যে কোনো বিচারিক আদালতকে বোঝানো হয়েছে। সুতরাং নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ সবই এই নিষেধাজ্ঞার আওতাধীন।
শুনানিতে অতিরিক্ত এটর্নি জেনারেলকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।
