অসীম কুমার উকিল ও কাজী জাফরউল্যাহ কারাগারে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে হাকিম সৈয়দ মুজিবুল হক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাদেরকে ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
এ সময় কাজী জাফরউল্যাহ ও অসীম কুমার উকিলকে জরুরি ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়ার একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে বলে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতকে জানানো হয়। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ প্রস্তাবের ব্যাপারে এখানো কোনো সিদ্ধান্ত জানাননি।
গত ১৯ এপ্রিল রাতে গুলশান থানা পুলিশ কাজী জাফর উল্যাহকে এবং ধানমন্ডি থানা পুলিশ অসীম কুমার উকিলকে জরুরি ক্ষমতা বিধিমালা ১৬ (২) ধারায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় তাদেরকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক মাহবুব মোর্শেদ আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলেন, “অভিযুক্ত কাজী জাফরউল্যাহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।”
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন তার প্রতিবেদনে বলেন, “অসীম কুমার উকিল বিভিন্ন জনস্বার্থবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন স্থানে দেশি-বিদেশি সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গোপন বৈঠক করে আসছেন। এসব বৈঠকে দেশ বিরোধী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করা হয়।”
আদালতে অসীম কুমার উকিল ও কাজী জাফরউল্যাহর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, কামরুল ইসলাম, আবদুল্লাহ আবু, সুধীর কুমার হাজরা, আবুল কালাম আজাদ, খন্দকার আব্দুল মান্নান, মমতাজ উদ্দিন মেহেদী, আশরাফুল হক জর্জ ও টিপু সুলতান।
আইনজীবীরা কাজী জাফরউল্যাহর পক্ষে জামিনের আবেদন জানিয়ে বলেন, “যদিও জানি, এই ধারায় জামিন হয় না, তারপরও আমরা জামিনের আবেদন করছি।”
অসীম কুমার উকিলের স্ত্রী অপু উকিলসহ কাজী জাফরউল্যাহর আত্মীয়-স্বজন, মহিলা যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী আদালতে উপস্থিত ছিলেন।
