শেরপুরে আরও ২ জেএমবি সদস্য গ্রেপ্তার
শেরপুর পৌরসভার তাতালপুর এলাকায় বুধবার ভোররাতে অভিযান চালিয়ে শেরপুর সদর থানা পুলিশ আরও দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, তাতালপুর এলাকার মো. নুর হোসেনের ছেলে আমির হোসেন (১৮) ও হাশেম আলীর ছেলে মো. তারা মিয়া (২০)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক কমাণ্ডার মাসুদ রানাসহ ১৩ জন জেএমবির সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এরা দুজনই জেএমবির তালিকাভুক্ত সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এসব সদস্য জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সংগঠিত হচ্ছিল বলে তিনি জানান।
এ নিয়ে গত তিনদিনে শেরপুরে আঞ্চলিক কমাণ্ডার সহ মোট ১৫ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
