২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা শেখ হেলাল ও শেখ আবদুল্লাহর বাড়িতে তল্লাশি

শেখ হাসিনার চাচাতো ভাই এবং সাবেক সাংসদ শেখ হেলালউদ্দিনের বাসায় মঙ্গলবার গুরুতর অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহর বাড়িতেও টাস্কফোর্স সদস্যরা অভিযান চালায়। তবে অভিযানে ওই দুই নেতার বাড়ি থেকে কোন কিছু জব্দ করা হয়নি।

টাস্কফোর্স সদস্যরা দুপুরে গুলশানের ২৪ নম্বর সড়কে শেখ হেলালের ভাড়া বাড়িতে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে টাস্কফোর্সের সদস্যরা বাড়িতে প্রবেশ করে। প্রায় দেড় ঘন্টা ধরে তারা বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালায। এ সময় বাড়িতে হেলাল বা তার পরিবারের কোন সদস্য ছিলেন না। টাস্কফোর্স সদস্যরা বাড়ির কর্মচারীদের কাছে নানা তথ্য জানতে চায়।

বাড়ির তত্ত্বাবধায়ক মো. জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেলাল বাড়িটির মালিক কিনা, তিনি বর্তমানে কোথায় আছেন এ সব তথ্য জানতে চায় টাস্কফোর্স সদস্যরা।

অন্যদিকে টাস্কফোর্স বিকেল চারটার দিকে গুলশান এক নম্বরের ছয় নম্বর সড়কে শেখ মো. আবদুল্লাহর বাসায় অভিযান চালায়।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাস্কফোর্সের এ দুটি অভিযানে কোন কিছু জব্দ করা হয়নি।

দেশে জরুরি অবস্থা জারির পর শেখ হেলাল এবং শেখ মো. আবদুল্লাহ আত্মগোপন করে আছেন। এর আগে শেখ হেলালের সন্ধানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনে তল্লাশি চালিয়েছিল যৌথবাহিনী।