২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অনাড়ম্বরভাবে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো মেহেরপুরের মুজিবনগরে অনাড়ম্বরভাবে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় কোন নেতা বা রাষ্ট্রীয় অতিথিদের কেউই উপস্থিত ছিলেন না মুজিবনগরে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে অন্য সব কর্মসূচি বাদ দিয়ে শুধুমাত্র ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মুজিবনগর স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে সংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিসৌধ পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় আনসার সদস্যরা (যারা মুজিবনগর সরকার প্রধানদের গার্ড অব অনার দিয়েছিলেন) জাতীয় পতাকাকে সালাম প্রদান করেন।

দিনটিকে শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের হাজার হাজার মানুষ মুজিবনগর এলাকায় সমবেত হন। তবে পুলিশের নিষেধের কারণে এবার দলীয় শ্লোগান বা সমাবেশ করতে পারেননি সমবেতরা।

আনসার সদস্য আজিমুদ্দিন ও মহিউদ্দিন শেখ জানান, বাংলাদেশের জন্মদিন পালনে এমন নিরানন্দ ও অনাড়ম্বর পরিবেশ তাদের জন্য খুবই কষ্টকর।

মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহমেদ জানান, এই প্রথম সরকারি অনুমতি নিয়ে মুজিবনগর দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হলো। এটা কষ্টকর।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, মুজিবনগর স্মৃতিসৌধে শুধুমাত্র ফুল দেওয়া ছাড়া অন্য কোন কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি আবেদনকারীদের।