বগুড়ায় সাবেক সাংসদ লালুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, তার ব্যক্তিগত সহকারি মাতলুবর রহমান ও মহিষাবান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহাম্মেদসহ ৩৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সরকারি মালামাল লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
মহিষাবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামের ভাই আক্কাস আলী বগুড়া প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ‘গ’ অঞ্চল আদালতে মঙ্গলবার এই মামলা দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে গাবতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু তৎকালীন মহিষাবাদ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে দুই লাখ টাকা দিলেও বাকি তিন লাখ টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন চেয়ারম্যান।
এজাহারে বলা হয়, এ ঘটনায় চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য লালুর নির্দেশে পর পর ২০টি মামলা দায়ের করা হয়। এ ছাড়াও ইউনিয়ন পরিষদে পুরাতন হাট শেডে গচ্ছিত মালামাল সাংসদ লালুর নির্দেশে আসামীরা লুটপাট করে নিয়ে যায়।
