২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলা দায়েরের অপরাধে খুলনায় পুলিশের কারাদণ্ড

খুলনায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এক পুলিশ কর্মকর্তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা সাধন কুমার দাশের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহা পুলিশ পরিদর্শক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।

খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক এসএম মাসুদুল হক সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) জাহিদ।

আদালত সূত্র জানায়, গত ৭ জানুয়ারি দেশব্যাপী লাগাতার অবরোধ চলাকালে জেলার রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় ৭/৮ টি গাড়ি ভাংচুরের অভিযোগে রূপসা থানার পিএসআই জাহিদ মহাজোটের ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাধন কুমার দাশ ১৫ জানুয়ারি উপজেলার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধন কুমার মিত্র, জেলা আওয়ামী লীগ নেতা এসএম মোত্তুর্জা রশিদী, জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবু হানিফসহ ১৯ জন নেতা-কর্মীর নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় সোমবার দ্রুত বিচার আদালত সব আসামিকে বেকসুর খালাসের রায় দেন।