উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিট খারিজ
জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৩২০ উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার ও জাহিদ হাসানসহ আড়াইশ জনের রিট মামলার ওপর শুনানি গ্রহণ শেষে সেটি উপস্থাপিত হয়নি মর্মে (নট প্রেস রিজেক্টেড) খারিজ করে দেয়।
হাইকোর্টের এই আদেশের ফলে জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এই নির্বাচন কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষায় অংশ নিতে হবে।
গত ১৪ মার্চ নির্বাচন কমিশন এক আদেশ জারি করে ৩২০ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগই কেবল বহাল থাকবে।
রিটকারী পক্ষে রোববার শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদূর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
