শিল্পপণ্য উৎপাদন সূচক সংশোধন করবে পরিসংখ্যান ব্যুরো
শিল্পপণ্য উৎপাদন সূচক সংশোধন ও পরিমার্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গত ১০ বছরে দেশের উৎপাদন পরিস্থিতি বদলে যাওয়ায় বর্তমান সূচকের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতগুলোর অবদান সম্পর্কে স্পষ্ট চিত্র পাওয়া যায় না। এ কারণেই পরিসংখ্যান ব্যুরো সূচক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
শিল্পপণ্যের উৎপাদন পরিস্থিতি সংক্রান্ত এ সূচকটি কোয়ান্টাম ইনডেক্স (কিউ আইপি) নামেই বেশি পরিচিত। আগামী অর্থবছরের শুরুতেই সংশোধিত সূচকটি প্রকাশ করা হবে বলে ব্যুরো সূত্রে জানা গেছে।
ব্যুারোর উপ-মহা পরিচালক জোবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরও আগেই আমাদের সূচকটি সংশোধন করা উচিৎ ছিল। এ সূচকে দেশের শিল্প উৎপাদন সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা এখনকার পরিপ্রেক্ষিতে ত্রুটিপূর্ণ। এই সূচক দিয়ে দেশের বর্তমান শিল্প উৎপাদন পরিস্থিতি বোঝা যায় না। ”
তিনি জানান, ২০০১-০২ অর্থবছরকে ভিত্তি বছর হিসাবে ধরে এবং ওই অর্থ বছরে পরিচালিত জরিপে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে সূচকের এই পরিমার্জন ও সংশোধন করা হবে।
বর্তমান সূচকটি তৈরি করা হয়েছিল ১৯৮৮-৮৯ সালে। ৬০ টি শিল্প খাতের উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্তের ওপর নির্ভর করেই এ সূচক তৈরি করা হয়। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন খাতের উৎপাদন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কিছু খাতের উৎপাদন আগের তুলনায় কমে গেছে, কিছু ক্ষেত্রে উৎপাদন বেড়েছে। ফলে ওই সূচকে যে তথ্য পাওয়া যায় তা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জোবদুল হক জানান, ৯০ এর দশকে সূচকটি তৈরির সময় তখনকার উৎপাদন পরিস্থিতির বিবেচনায় পাটজাত দ্রব্য, চিনি ও কাগজ শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ১৯৯৫-৯৬ সালের পর থেকে এসব খাতে উৎপাদন কমতে শুরু করে।
অন্যদিকে সে সময় সূচকে তৈরি পোশাক, টেক্সটাইল, ওষুধ, হিমায়িত মাছ কিংবা সিরামিকের মতো শিল্পগুলোতে কম গুরুত্ব দেওয়া হয়েছিল। অথচ বর্তমানে দেশের অর্থনীতিতে এসব খাতের অবদান অনেক বেশি।
তিনি জানান, সম্ভবনাময় বেশ কয়েকটি নতুন খাতকে সংশোধিত ও পরিমার্জিত সূচকের অন্তর্ভূক্ত করে নেওয়া হবে। একই সঙ্গে গুরুত্ব কমে গেছে এরকম কয়েকটি খাতকে সূচক থেকে বাদ দেওয়া হবে।
