২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সিরাজ সিকদারের মেয়ের স্মারকলিপি

সিরাজ সিকদার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন তার মেয়ে শিখা সিকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 01:34 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন শিখা সিকদার। কার্যালয়ের ৪ নম্বর গেটে স্মারকলিপিটি গ্রহণ করা হয়।

এসময় শিখা সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “বর্তমান সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বাবার হত্যাকাণ্ডের বিচার করবে এটাই প্রত্যাশা করছি। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করছে, সেজন্যই আমরা বিচার পাওয়ার বিষয়ে আশান্বিত হয়েছি।”

তিনি বলেন, “আগের সরকারগুলোর কাছেও আমরা বিচার চেয়েছিলাম। তখন আশ্বাস পেলেও বিচার পাইনি। আমরা মনে করছি, এখন ন্যায়বিচার পাবো। সে আশায়ই এই সরকারের কাছে আবেদন করেছি।”

স্মারকলিপি দেওয়ার সময়ে শিখা সিকদারের সঙ্গে ছিলেন সিরাজ সিকদারের বোন জাহানারা সিকদার ও হাফিজুল ইসলাম খান নামে এক আত্মীয়। শিখা সিকদার তার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী শুভ্র সিকদার ও অরুণ সিকদারের পক্ষে স্মারকলিপি দেন।

এরশাদ সরকারের সময় সিরাজ সিকদারের বাবা আবদুর রাজ্জাক সিকদার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় হত্যাকাণ্ডের সময়কার ঢাকার পুলিশ সুপার (এসপি) এস কিউ মাহবুববুর রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়। তবে ঠিক কবে মামলা দায়ের হয়েছিল, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি শিখা সিকদার।

তিনি জানান, ১৯৯১-৯৬ সালের বিএনপি সরকারের মেয়াদেও আশ্বাস দেওয়া হয়েছিল সিরাজ সিকদার হত্যার বিচার হবে। কিন্তু পরে বলা হয়, মামলার কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না।

১৯৭৫ সালে ১ জানুয়ারি রাতে চট্টগ্রামের হালিশহর থেকে রক্ষীবাহিনী এবং পুলিশ সিরাজ সিকদার গ্রেফতার করে। শিখা সিকদারের দাবি, গ্রেপ্তারের পর ঢাকায় এনে ২ জানুয়ারি রাতে সাভারে তার বাবাকে হত্যা করা হয়।

শিখা সিকদার জানান, পরিস্থিতি প্রতিকূল থাকায় তারা সে সময় মামলা করতে পারেননি।

বামপন্থী সিরাজ সিকদার ছিলেন পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি।