২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের স্ত্রীর চার সপ্তাহের জামিন মঞ্জুর

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাকে এ মামলায় কেন জামিন দেওয়া হবে না সরকারকে তার কারণ দেখাতে বলেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিমের স্ত্রী লায়লার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

জামিন আবেদনে বলা হয়েছে, গত ২১ মার্চ ধানমন্ডি থানায় দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধেএকটি মামলা দায়ের করে। দুর্নীতি দমন আইনে দায়ের করা ওই মামলায় বলা হয়, দুর্নীতি দমন কমিশনে তাদের দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ১ কোটি ২৬ লাখ ৮২ হাজার ৬৭৮ টাকা ৫৬ পয়সার অসঙ্গতি রয়েছে।

লায়লা আরজুমান্দ বানুর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ কুমিল্লা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির স্ত্রী মাজেদা আহসানকেও একটি দুর্নীতির মামলায় চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে। একইসঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না তার কারণ দেখাতেও সরকারকে নির্দেশ দিয়েছে।