২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় চিনিকলে ৩০ কোটি টাকার চিনি অবিক্রিত

পঞ্চগড় চিনিকলের প্রায় ৩০ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় গুদামে পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন কৃষক ও মিলের কর্মকর্তা--কর্মচারীরা। পরবর্তী মৌসুমে আখের বপণ নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের। অন্যদিকে কর্মকর্তা--কর্মচারীরা বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

চিনিকলের কর্তৃপক্ষের দাবি, বার বার দাম কমানোর ফলে চলতি মৌসুমে তাদের প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা লোকসান হবে।

পঞ্চগড় চিনিকল চলতি মৌসূমে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ২শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। ইতোমধ্যে সেখানে ১০ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনও করা হয়েছে। সঙ্গে আছে গত মৌসুমের আরও ৬৬৫ মেট্রিক টন অবিক্রিত চিনি। এসবের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৬৫৬ মেট্রিক টন।

কর্তৃপক্ষ চিনি অবিক্রিত থাকার কারণ হিসাবে বলছেন, “আমদানিকারকরা বিদেশ থেকে আনা চিনি বাংলাদেশে পরিশোধন করে কম দামে বিক্রি করছে। এ কারণে আমাদের চিনির চাহিদা তুলনামুলক কম।”

ব্যবসায়ীরা বলছেন, “পরিশোধিত চিনির গুনগত মান ভাল এবং দাম কম হওয়ায় হোটেল মালিকরা মিষ্টি বানানোর কাজে এই চিনি ব্যবহার করছেন। এছাড়া বিদেশি চিনি প্রতি মেট্রিক টনে প্রায় দেড় থেকে ২ হাজার টাকা কমে পাওয়ায় ব্যবসায়ীরা দেশি চিনি নিচ্ছেন না।”

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী জানান, সরকার বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ না করলে এবং দেশীয় চিনির দাম না কমালে দেশি চিনি অবিক্রিত থেকে যাবে।

তিনি বলেন, “বিপুল পরিমাণ চিনি গুদামজাত রাখার কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি চিনি বিক্রি করতে না পেরে আমরা শ্রমিক কর্মচারিদের ঠিকমতো বেতন--ভাতাও দিতে পারছি না।”