২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ এপ্রিল তারেককে বলতে হবে তিনি দোষী না নির্দোষ

দোষী না নির্দোষ? আগামি ৫ এপ্রিল কাঠগড়ায় দাঁড়িয়ে এ প্রশ্নের জবাব দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 04:08 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

দ্রুত বিচার আইনে চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের জন্য আগামী পাঁচ এপ্রিল এ প্রশ্নটি করবেন আদালত। দোষ স্বীকার করলে ওই দিনই তারেকের শাস্তি প্রক্রিয়া শুরু হবে আর নির্দোষ দাবি করলে শুরু হবে বিচার। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার আদালত-২ এর বিচারক আবদুর রউফ খান এ আদেশ দেন। একইসঙ্গে আদালতে পেশ করা তারেকের আইনজীবীদের দরখাস্ত শুনানি করে নাকচ করে দেন তিনি। (আরও তথ্যসহ ও সমন্বিত)

তারেক রহমানকে সকাল সোয়া ১১টায় প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। ক্লিন শেভ করা তারেকের পরণে ছিল আকাশী রঙের হাফ শার্ট।

তারেকের আইনজীবী এটিএম শরফুদ্দীন আহমেদ খান মামলাটির আইনগত বৈধতা নেই দাবি করে মামলাটি স্থগিত করার জন্য আদালতে একটি দরখাস্ত দাখিল করেন।

এতে বলা হয়, “মামলাটির আইনগত বৈধতা নেই এবং এই মামলাটির বিচারের এক্তিয়ার এই আদালতের নেই।”

দরখাস্তটি শুনানির সময় তারেকের আইনজীবীরা বলেন, “দ্রুত বিচার আইনের বিধান অনুসারে, অপরাধ সংঘটনের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগ দাখিল করতে হয়। কিন্তু এক্ষেত্রে তা না করে মামলা করা হয়েছে আট মার্চ। অভিযোগপত্র দেওয়া হয়েছে ১৮ মার্চ। তাছাড়া চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানকে আইন অনুযায়ী হাতেনাতে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত বিচার আইনের ১০ (৩) ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হাতেনাতে ধরা না পড়লে অপরাধ সংঘটনের সাত কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র দাখিল করে পরের ৬০ কার্যদিবসে বিচার শেষ করবে।”    

আইনজীবীরা বলেন, “এসব কারণেই এই আদালত দাখিল করা অভিযোগপত্রে বর্ণিত অভিযোগের ভিত্তিতে কোনও অপরাধ বিচারের জন্য নিতে পারবে না। বিচারের জন্য গ্রহণ করলে তা হবে বেআইনি।”

এর বিরোধীতা করে রাষ্ট্রপক্ষে গুলশান থানার জিআরও (কোর্ট পুলিশ) এসআই শাহজাহান বলেন, “মামলা দায়ের শেষে তদন্তে সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলাটির একজন আসামী পলাতক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এবং সম্পত্তি ক্রোকের প্রতিবেদন দাখিলের জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য রয়েছে।”

আদেশে বলেন, “ঘটনার ভিত্তিতে যথাযথ এজাহার ও তদন্ত হয়েছে। পলাতক আসামী অপুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের পরোয়ানা জারীসহ পত্রিকার বিজ্ঞপ্তির কপি পাওয়া গেছে। ফলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এ পর্যায়ে মামলা স্থগিতের কোনও সুযোগ নেই।”

আদালতে তারেকের পক্ষে এটিএম শরফুদ্দীন আহমেদ খান মুকুল, সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকারসহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।

সাত মার্চ রাতে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওইদিন চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দ্রুত বিচার আইনে ব্যবসায়ী আমিন আহম্মেদ ভূইয়া একটি মামলা দায়ের করেন। এছাড়া কাফরুল থানায় একটি জিডি করা হয়।

রাতে তারেক রহমানকে আদালতে হাজির করার পর আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে।

চাঁদাবাজি মামলায় ১৮ মার্চ তারেক রহমান ও তার ব্যক্তিগত সহকারি মিয়া নূরুউদ্দিন অপুকে আসামি করে দ্রুত বিচার আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মাহবুব মোর্শেদ। এতে পলাতক আসমি অপুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তার মালামাল ক্রোকের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে।

অভিযোগপত্রে মোট ১২ জনকে সাক্ষী এবং আলামত হিসাবে ১ কোটি টাকার একটি বিয়ারার চেক (বাহকের মাধ্যমে নগদায়নের চেক) উপস্থাপন করা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন বাদি, বাদির ভাই, ঢাকা ব্যাংকের দুইজন কর্মকর্তা, মামলার তদন্ত কর্মকর্তা এবং জব্দ তালিকার সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

অভিযোগপত্রে বলা হয়, মামলার তদন্তে ও সাক্ষীদের জবানবন্দী পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

চাঁদাবাজি মামলার এজাহারে বলেছেন, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।