২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর জেনারেল মাসুদও বললেন, কোনো দুর্নীতিবাজ ছাড় পাবে না

নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। খালেদা জিয়া ও হাসিনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা --এমন প্রশ্নের জবাবে এ রকমই ছিল মেজর জেনারেল মাসুদের জবাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দুর্নীতি প্রতিরোধে সারাদেশে গঠিত আটটি টাস্কফোর্সের সমন্বয়ক মেজর জেনারেল মাসুদ রোববার দুনীতি দমন কমিশনে গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, “আমাদের এ পর্যন্ত  কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না”।   

স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকার পরও কেন টাস্কফোর্সের প্রয়োজন হলো --এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুদকের বর্তমান জনবল দিয়ে জাতির প্রত্যাশা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে বড় মাপের কাজ করতে সময় লাগবে। এজন্য সরকারের বিভিন্ন সংস্থা থেকে দক্ষ লোক নিয়ে টাস্কফোর্স করা হয়েছে। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমন্বিত ও দ্রুত ব্যবস্থা নিতে পারবে।”

তিনি আরও বলেন, একটা অপরাধের বিভ্ন্নি ধরন থাকতে পারে। সেক্ষেত্রে টাস্কফোর্সের অন্তর্ভুক্ত দুদক, এনবিআর, পুলিশ এবং বাংলাদেশ ব্যাংকও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।”

অবশ্য মেজর জেনারেল মাসুদ জানালেন, টাস্কফোর্স কোনো মামলা করবে না। এসব ক্ষেত্রে দুদক, এনবিআর অথবা এর সংশ্লিষ্টরা মামলা দায়ের করবে।

দুর্নীতি দমন কমিশনে কেন এসেছিলেন জানতে চাইলে তিনি বলেন, “সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছে--তারই অংশ হিসেবে টাস্কফোর্সের মাধ্যমে দুদককে কীভাবে সাহায্য করা যায় সে বিষয়ে কথা বলতে এসেছিলাম।”