২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পত্রিকার কারণে মাসুদ ও বাবুলকে গ্রেপ্তার করা হয়নি’

পত্রিকার সম্পাদক, প্রকাশক কিংবা মালিক হিসেবে নয় বরং ব্যবসা সংক্রান্ত অভিযোগে আতিকুল্লাহ খান মাসুদ এবং নুরুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানের আওতায় ব্যাবসা সংক্রান্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে এ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন পত্রপত্রিকায় আতিকুল্লাহ মাসুদকে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং নুরুল ইসলাম বাবুলকে দৈনিক যুগান্তরের মালিক হিসাবে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে এবং সংবাদপত্রগুলো তাদের মুক্তির দাবিতে বিভিন্ন বিবৃতি প্রকাশ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো প্রকার মিথ্যা অভিযোগ, হয়রানী কিংবা তাদের পত্রিকা সম্পর্কিত বা পত্রিকায় প্রকাশিত কোনো সংবাদ বা মতামতের কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি।

তবে মন্ত্রণালয় দাবি করছে, এক শ্রেণীর ব্যবসায়ী ও শিল্পপতি তাদের ব্যবসা সংক্রান্ত অশুভ কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে পত্রিকা প্রকাশ করে নিজেদেরকে ঐ সংবাদপত্রের সম্পাদক বা মালিক হিসাবে প্রচার করছে।