শোক আর ভালবাসায় শায়িত হলেন রানা ও সেতু
শ্রদ্ধা আর অশ্র“সিক্ত ভালবাসায় খুলনাবাসী চিরবিদায় জানিয়েছে ক্রিকেটার কাজী মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুকে।
যে স্টেডিয়ামে ছিল এই দুই ক্রিটেটারের সদর্প বিচরণ, সেখানে তারা শনিবার আসেন খাটিয়ায় চড়ে। খুলনা জেলা স্টেডিয়ামের সামনের চত্বরে রানার লাশ আনা হয় বেলা ১১টা ৫৫ মিনিটে, সেতুর মরদেহ আনা হয় ১২টা ৪৫ মিনিটে। এর আগেই সেখানে ভিড় জমান শোকাহত মানুষ। ফুল দিয়ে তারা ঢেকে ফেলেন কফিন দুটি।
একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান, বিভাগীয় কমিশনার কবির মো. আশরাফ আলম, জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম, ডিআইজি মেজবাউন নবী, কেএমপি কমিশনারের পক্ষে ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধানমন্ডি ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র লিঃসহ স্থানীয় বিভিন্ন ক্লাব এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য রানা এবং খুলনা জেলা ও বিভাগীয় দলের অধিনায়ক এবং স্থানীয় বয়রা তরুন সংঘের খেলোয়াড় সেতুর প্রতি শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর জেলা স্টেডিয়াম চত্বরে হাজার হাজার মানুষ তাদের নামাজে জানাজায় অংশ নেয়।
জানাজা শেষে সেতুর লাশ নীরব মিছিলের মধ্যে টুটপাড়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
শোক মিছিলের কাঁধে চড়ে রানার লাশ তার মুজগুন্নীর কাজী পাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টায় ভারতের মাদ্রাজ থেকে রানার বাবা কাজী মনিরুল ইসলাম ও বড় ভাই মাহফুজুর রহমান রনি বাড়িতে পৌঁছালে আবারও শুরু হয় শোকের মাতম।
বাদ আছর মুজগুন্নী মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে রানাকে তার নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে ডুমুরিয়া উপজেলার বালিয়াডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন রানা ও সেতু।
নিজ হাতে তৈরি পতাকায় আচ্ছাদিত রানা
নিজের হাতে তৈরি করা আবাহনী ক্রীড়া চক্রের পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল রানার লাশ ।
খুলনা আহ্বাহনী ক্রীড়া চক্রের খেলোয়াড় থাকাকালে নিজ হাতে ক্লাবের ওই পতাকাটি তৈরি করেছিলেন রানা। ক্লাবে সযতেœ রাখা ছিল সেই পতাকা। দাফন হওয়ার আগ পর্যন্ত সেই পতাকায় জড়িয়ে ছিলেন তিনি।
