২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে র‌্যাবের ওপর হামলাকারী সন্ত্রাসী কামাল গ্রেপ্তার

শ্রীমঙ্গলে র‌্যাবের ওপর হামলাকারী ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল আহমদ ওরফে ড্রাইভার কামাল অবশেষে ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীমঙ্গল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বুধবার ভোরে যৌথবাহিনী তাকে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর স্থান থেকে গ্রেপ্তার করেছে। এরপর তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালের অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনীর মেজর শিব্বির ও মেজর জিয়ার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল নাহারপুর গ্রামে তার মামার বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল ওই বাড়িতে আত্মগোপন করেছিল।

গ্রেপ্তারকৃত কামাল গত ২৪ জানুয়ারি আমরাইল--গান্ধিছড়া চা বাগান সড়কে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় ও মারধর করে ছিনিয়ে নেয় র‌্যাবের একটি অত্যাধুনিক পিস্তল।

এ ঘটনায় র‌্যাবের এসআই মান্নান গুরুতর আহত হন। এ ঘটনার পরপরই যৌথবাহিনী ভূনবীর, সাতগাঁও, সিন্দুরখান ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। একপর্যায়ে পিস্তল ফেলে সে পালিয়ে যায়। ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে গান্ধিছড়া চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমেদ জানান, সন্ত্রাসী কামালকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানায় ১০ টি মামলা রয়েছে।