২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুর বিস্তার রোধে দেশ সর্বোচ্চ সতর্কাবস্থায়

বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) উপস্থিতির খবর প্রকাশের পর শুক্রবার গাজীপুর ও সাভারের পাঁচটি মুরগির খামারের কমপক্ষে আট হাজার মুরগির ছানা মেরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সরকার এক বিবৃতিতে সাভারের একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত করার বিষয়টি প্রচার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 11:33 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে কোন মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি। এ সত্ত্বেও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। 

শুক্রবার ৮০০০ মুরগি নিধন সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক পশু সম্পদ বিভাগের একজন কর্মকর্তা  নফহবংি২৪.পড়স কে বলেন, “আগাম সতর্কতা হিসেবে মুরগিগুলো মেরে ফেলা হয়েছে। এগুলোর মধ্যে বার্ড ফ্লুর সংক্রমন ঘটেছিল কিনা তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই।”

ভয়ঙ্কর এই ভাইরাস ছড়িয়েছে পাঁচটি খামারে

পশুসম্পদ বিষয়ক উপদেষ্টা সিএস করিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ভয়ঙ্কর ভাইরাসটি ছড়িয়েছে সাভার ও গাজীপুরের পাঁচটি ব্যক্তিমালিকানাধীন খামারে। তবে আর যাতে না ছাড়ায় সেজন্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।

করিম বলেন, “আমরা সবরকমের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আর কোথাও ছড়িয়েছে কি না তা পরীক্ষা করে দেখছে আমাদের দল।”

তিনি বলেন, “ভাইরাসটি দ্রুত মুরগির মধ্যে ছড়িয়ে পড়লেও কোন মানুষ আক্রান্তের খবর আমরা পাইনি।”

তিনি আরও বলেন, “থাইল্যান্ডের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব এনিম্যাল হেলথ’ এ পাঠানো নমুনায় এই ভাইরাসের উপস্থিতি সম্পর্কে আমরা নিশ্চিত হই গত ২১ মার্চ।”

দেশে কীভাবে ভাইরাসটি এলোÑÑএ প্রশ্নের জবাবে সিএস করিম বলেন, “বাংলাদেশে কীভাবে এটি এলো তার কোন তথ্যপ্রমাণ নেই। তবে প্রতিবছর যে ২৪০ প্রজাতির অতিথি পাখি বাংলাদেশে আসে তার ২১ প্রজাতি ভাইরাসটি বহন করে আনতে পারে।”

স্বাস্থ্য ব্যবস্থা সর্বোচ্চ সতর্কাবস্থায়

স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান সংবাদ সম্মেলনে  জানান, প্রশাসন স্বাস্থ্যব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। তিনি বলেন “এটা সুখবর যে কোন মানুষ আক্রান্ত্রের খবর আমরা পাইনি। এরপরও কারও শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় লক্ষণ আছে বলে সন্দেহ হলে তাকে ডাক্তারদের নিয়ে যেতে হবে।”   

তিনি জানান, সরকার এরইমধ্যে যে কোন জরুরি অবস্থা মোকাবেলায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও  গবেষণা ইনস্টিটিউটের অধীনে  ন্যাশনাল র‌্যাপিড রেসপন্স টিম গঠন করেছে। যদি কেউ আক্রান্ত হয় সরকার তাকে অগ্রাধিকার ভিত্তিতে মহাখালীতে অবস্থিত ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা দেবে।

সহায়তা দেবে জাতিসংঘ

ভয়াবহ এই ভাইরাসের রাশ টেনে ধরতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করছে জাতিসংঘ। ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি দুয়াংবাদি সংকোবল শুক্রবার সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে রোগটি ধরা পড়ায় আমরা খুবই উদ্বিগ্ন। পরিস্থিতি সর্তকর্তার সঙ্গে মোকাবেলা করায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” তিনি আরও বলেন, “সরকার এর বিস্তার রোধ করতে সক্ষম হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃঢ় বিশ্বাসী।”  

সরকারই জানিয়েছিল ভয়াবহ খবরটি

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের উপস্থিতিতে উপদেষ্টা  পরিষদের এক বিশেষ জরুরি বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান এবং পশু সম্পদ উপদেষ্টা সিএস করিম সাভারের ওই খামারের মুরগির শরীরের নমুনা পরীক্ষায় ভয়ঙ্কর ভাইরাস “এইচফাইভএনওয়ান” ধরা পড়ার খবরটি জানান।

সরকার এ খবরে ভয় না পেতে জনগণের প্রতি আহবান জানায়। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সরকার বলে, “আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। হাঁস--মুরগির মাংস এবং ডিম স্বাভাবিক রান্না করেই খাওয়া যাবে।” 

দুটি গবেষণাগারÑÑ‘বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট’  ও ব্যাংককের  ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথ’ এ পাঠনো নমুনা পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে।

সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অন্য কোথাও মুরগির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়নি। সরকার এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে আগাম ও সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, সংক্রমিত এলাকার সব মুরগি মেরে ফেলা, সংক্রমিত এলাকার ১০ কিলোমিটারের মধ্যে হাঁস-মুরগির চলাচল নিয়ন্ত্রণ করা ইত্যাদি। ইতোমধ্যে চিকিৎসকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ শাখা খোলা হচ্ছে।

প্রসঙ্গত, নফহবংি২৪.পড়স গত মঙ্গলবার এক প্রতিবেদনে সাভারে বাংলাদেশ বিমানের খামারে ভয়াবহ একটি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩০ হাজার মুরগি নিধনের খবর প্রকাশ করে। গত সপ্তাহে মুরগিগুলো মেরে ফেলা হয়।  প্রাথমিকভাবে  ওই ভাইরাস ‘নিউক্যাসল’ তথা ‘রানিক্ষেত’ রোগের বলে চিহ্নিত করা হয়।