নোয়াখালীতে মদ বিক্রির অভিযোগে দারোগাসহ ৩ জন গ্রেপ্তার
বিভিন্ন মামলায় জব্দ করা মদ খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালীর কোর্ট দারোগা আলী হোসেন ও তার দুই সহযোগীকে।
গ্রেপ্তার হওয়া আলী হোসেন (৫২) দীর্ঘদিন ধরেই আদালতের মালখানায় মজুদ জব্দ করা মদ, ফেন্সিডিল ইত্যাদি বিক্রি করে আসছিল বলে জানা গেছে। এ অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আলী হোসেন ও তার দুই সহযোগী আইনজীবী সহকারি সাইফুল ইসলাম রিপন (২৫) ও দলিল লেখক দেলোয়ার হোসেন (৪০)কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার আলী হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, দারোগা মজিবুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রিকশাযাত্রী রিপন ও দেলোয়ারকে তল্লাশী করে তাদের কাছ থেকে এক বোতল বিদেশী মদ উদ্ধার করে। আমদানি নিষিদ্ধ এই মদ তারা দারোগা আলী হোসেনের কাছ থেকে কিনেছে বলে গোয়েন্দা পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে কোর্ট দারোগা আলী হোসেনের কাছে গিয়ে মিয়ানমারে তৈরি আরো ২৮ বোতল আমদানি নিষিদ্ধ মদসহ তাকে আটক করা হয়।
মালখানার মজুদ মদ বিক্রি করার অভিযোগে গোয়েন্দা পুলিশের এস আই মজিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতেই ওই তিনজনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত দারোগা আলী হোসেন অবশ্য দাবি করেছেন তাকে ষড়যন্ত্র মূলকভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে।
