২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওরাডেক্সন’ খাচ্ছেন দেশের ৯০ ভাগ যৌনকর্মী

দেশের যৌনপল্লীর ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯০ ভাগ নারী স্বাস্থ্য টিকিয়ে রাখতে ব্যবহার করেন স্টেরয়েড জাতীয় ওষুধ ‘ওরাডেক্সন’। এ কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন তারা। এক পর্যায়ে নষ্ট হয়ে যায় তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অ্যাকশন এইড ও উল্কা নারী সংঘ আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য প্রকাশ করা হয়।

সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন লুৎফুন নাহার, এম জাহিদ হোসেন ও খালেদ বস্তমান। দুটি যৌনপল্লীতে গবেষণা চালিয়ে এই গবেষণাপত্র তৈরি করা হয়।

এতে বলা হয়েছে, অর্থ উপার্জন, সুন্দর স্বাস্থ্য ও দর্শনীয়ভাবে উপস্থাপনের জন্য যৌনকর্মীদের মধ্যে ওরাডেক্সন ব্যবহার মাত্রাতিরিক্ত। নিয়মিত এটি ব্যবহারের কারণে ধীর গতিতে শরীরে বিষক্রিয়া ও রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়।

সভায় উপস্থিত সেক্সওয়ার্কাস নেটওয়ার্ক অব বাংলাদেশের সভানেত্রী মমতাজ বেগম জানান, যৌনপল্লীর ৯০ ভাগ ‘সর্দারনী’ ও ‘বাড়িওয়ালি’রা এই ওষুধ খেতে কমবয়সী যৌনকর্মীদের বাধ্য করে। বেশি আয় ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে কিশোরী যৌনকর্মীরাও এক পর্যায়ে অভ্যস্ত হয়ে যায় ওরাডেক্সনে।

দৌলতদিয়া পল্লীর এক যৌনকর্মী জানান, সর্দারনীর অত্যাচারে তিনি ১৪ বছর থেকে ‘ওরাডেক্সন’ খেতে শুরু করেন। এখন সারা শরীরে র‌্যাসে ভরে গেছে। কোনো ওষুধই কাজ করছে না।

ওরাডেক্সনের ক্রমাগত ব্যবহারের কুফল সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় এই ওষুধ ব্যবহার করলে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। এছাড়া এর কারণে ডায়াবেটিকস, শরীরে পানি জমা এবং লিপিডের মাত্রা বেড়ে যেতে পারে। সর্বোপরি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়।

একই বিশ্ববিদ্যালয়ের শিশু চিকিৎসক ডা. নজরুল ইসলাম নফহবংি২৪.পড়সকে জানান, “ওরাডেক্সন স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি অ্যাজমা, সিভিয়ার নিউমোনিয়াসহ বেশ কিছু জটিল রোগে বিভিন্ন ওষুধের সঙ্গে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।”

একশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোয়েব সিদ্দিকী বলেন, রাষ্ট্রী ও সমাজে যৌনকর্মীরা অনেক অবহেলার শিকার। ওরাডেক্সনের ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করতেই এই গবেষণা চালানো হয়েছে।