যশোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
বাঘারপাড়া উপজেলায় সরদার রোকেয়া কোল্ড স্টোরেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোববার তিনজন শ্রমিক মারা গেছে।
ঘটনাস্থলেই মারা যান বৈদ্যুতিক মিস্ত্রী পলাশ (২৫) ও কারিগর সবুর (৩৫)। এসময় আহত হন কারিগর ফকরুল ও শ্রমিক কাফিরুল। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে ফকরুল মারা যান।
যশোর ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন কাফিরুল জানান, বেলা ১১ টার দিকে কোল্ড স্টোরেজের ভিতরে কাজ করার সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। কোনকিছু বুঝে উঠার আগেই মারা যান তাদের দুজন। তিনি ও ফকরুল এসময় গুরুতর আহত হন।
কোল্ড স্টোরেজ সূত্র জানায়, বিস্ফোরণে স্টোরেজে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, বিস্ফোরণে ২ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
