আমিনবাজারে দুই র্যাব সদস্যকে গুলি করে হত্যা
সাভারের অমিনবাজারে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার দুই সদস্যকে হত্যা করেছে। নিহতরা হলেন র্যাব--১১ সাভার ক্যাম্পের গোয়েন্দা শাখার উপ--সহকারি পরিচালক (ডিএডি) হুমায়ুন কবির এবং কনস্টেবল ফুল মিয়া। এদের মধ্যে হুমায়ন কবীর নৌবাহিনীর সিনিয়র পেটি অফিসার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ত্রাসীরা সাদা পোশাকে থাকা ওই দুই র্যাব সদস্যকে আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে তারা মিয়ার ইটভাটায় নিয়ে যায়। পরে হাত, পা ও মুখ বেধে মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা নিশ্চিত করার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার পর থেকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসারের দুই শতাধিক সদস্য ঘটনাস্থল ঘিরে রাখে। জিজ্ঞাসাবাদের জন্য ইট ভাটার শ্রমিক ও গ্রামবাসীসহ তিন শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর ব্রীজের পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে স্থানীয় বাসিন্দা তারা মিয়ার মালিকানাধীন টিবিসি ব্রিকফিল্ড। শনিবার প্রতি দিনের মতো র্যাব--১১ সাভার ক্যাম্পের গোয়েন্দা শাখার ডিএডি হুমায়ন কবীরের নেতৃত্বে একটি দল আমিনবাজার এলাকায় টহল দিচ্ছিল। বিকেল পাঁচটার দিকে একটি সন্ত্রাসী দল হুমায়ন কবীর এবং কনস্টেবল ফুল মিয়াকে তাদের সঙ্গে টিবিসি ইটভাটার দিকে নিয়ে যায়।
ইটভাটার শ্রমিকরা জানান, র্যাব সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে ইটভাটার মাঝে অবস্থিত একটি টংঘরের মধ্যে ঢোকেন। দীর্ঘ সময় কথা হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে র্যাব সদস্যদের জিম্মি করেন। পরে তাদের হাত, পা ও চোখ বেঁধে মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা নিশ্চিত করার পর সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে নফহবংি২৪.পড়স এর সাভার প্রতিনিধি জানান, দুই র্যাব সদস্য সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সেনা বাহিনী, র্যাব, পুলিশ ও আনসারের দুই শতাধিক সদস্য পুরো এলাকা ঘিরে রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য চিরুনি তল্লাশি শুরু করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় তারা মিয়া এবং পাশের আরো দুটি ভাটার শ্রমিকসহ প্রায় সাড়ে তিনশ’ গ্রামবাসীকে আটক করে।
পরে রাত আটটার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকারসহ র্যাব, পুলিশ, ডিবি ও সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাতে সাড়ে আটটার দিকে আইজিপি নূর মোহাম্মদ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, তারা র্যাবের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি ছিল তাদের। দুপুর দেড়টার দিকে র্যাব--১১ কার্যালয়ে সর্বশেষ কথা হয় ডিএডি হুমায়ন কবীরের।
আইজিপি আরো বলেন, আমরা তদন্ত করছি। যত দ্রুত সম্ভব আমরা এ ঘটনার ক্লু উদ্ধার করবই। তবে সমস্যা হলো এটি বিচ্ছিন্ন ঘটনা। এছাড়া যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে।
র্যাবের ডিজি হাসান মাহমুদ খন্দকার বলেন, “পুরোপুরি সত্যানুসন্ধানভাবে এ হত্যাকান্ডের তদন্ত করা হবে। এ বিষয়ে এ মুহুর্তে আমেদের আর কোন মন্তব্য করা ঠিক হবে না।”
এদিকে রাত বারোটায় পাওয়া খবর অনুযায়ী তারা মিয়া ব্রিক ফিল্ডের মালিক হাজী তাজুল ইসলাম (৫৮), তার পুত্র ফয়সাল (৩৫) ও ভাটার ম্যানেজার মহসিনকে (২৮) র্যাব রাতে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে অভিযানে নেমেছে যৌথ বাহিনী।
এছাড়া সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং র্যাবের ডগ স্কোয়াড দিয়েও তল্লাশী চালানো হচ্ছে।
হত্যাকান্ডের ঘটনায় সাভার থানা, শাহ আলী থানা, ডিএমপি এবং সিআইডি পুলিশ আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে ২০০২ সালের ৫ আগস্ট একই স্থানে সাভার থানার এসআই মতিয়ার রহমানকে ফেনসিডিল ব্যবসায়ীরা গুলি করে হত্যা করেছিল।
