বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে প্রধান বিচারপতির আহ্বান
দেশের পঞ্চদশ প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানালেন বিচারপতি মোঃ রুহুল আমিন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান বিচারপতিকে শপথ পড়ান।
এরপর দুপুর সোয়া বারোটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত প্রধান বিচারপতি বলেন, “বিচারপ্রার্থী জণগণের আস্থাই বিচার বিভাগের প্রাণ। কিস্তু অতীতে মাঝে মধ্যে এই প্রতিষ্ঠানের নিষ্ঠা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।”
শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও পারস্পারিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের জন্য আইনজীবীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হিসেবে রুহুল আমিনকে নিয়োগ দেন। তিনি আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন ২০০১ সালের ১১ জানুয়ারি। এর আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান ১৯৯২ সালের ১৮ ফেব্র“য়ারি। ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রুহুল আমিন।
বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায় সংবর্ধনা দেয়নি। ২৮ ফেব্র“য়ারি তার বিদায় সংবর্ধনায় অল্প সংখ্যক আইনজীবী অংশ নেয়।
কিন্তু বৃহস্পতিবার নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের ভিড়ে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে তিল ধারনের ঠাঁই ছিলনা।
আইনজীবীদের সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের নিষ্ঠা ও নিরপেক্ষতা নিয়ে অতীতে যেসব প্রশ্ন ওঠেছিল তা সত্য নয়। তবে এ প্রতিষ্ঠানের মর্যাদা ও সম্মানের কিছু ব্যত্যয় ঘটেছে।”
তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে দরকার শৃঙ্খলা, আন্তরিকতা ও পারস্পারিক শ্রদ্ধাবোধ। এগুলো দেখানোর এখনই উপযুক্ত সময়। এসবের অভাবে এই প্রতিষ্ঠানের অর্থবহ পরিচালনা দুঃসাধ্য হবে। আসুন আমরা সর্বক্ষেত্রে শৃঙ্খলা ও পারস্পারিক আস্থা পুনরুদ্ধারে কাজ করি।”
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, “পেশাদারিত্ব, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইনজীবীরা যে কতটা উৎকণ্ঠিত আজকের এ উপস্থিতি তার প্রমাণ। দেশ এখন সংকটময় মুহূর্ত পার করছে। সুপ্রিম কোর্টের ভাবমুর্তির সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যা দুর করতে বেঞ্চ ও বারকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, “বেঞ্চ গঠনের ক্ষেত্রে সবার সঙ্গে পরামর্শ করে, প্রয়োজনে সিনিয়র বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার মাপকাঠি অনুসরণ করতে হবে। ”
এটর্নি জেনারেল ফিদা এম কামাল নতুন প্রধান বিচারপতিকে বিচারক হিসেবে অতীত কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সততা, ন্যায়নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার ক্ষেত্রে আপনি সুপরিচিত।”
