পশ্চিমা লঘুচাপের কারণে রাজধানীতে হঠাৎ বৃষ্টি
মধ্য ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন বৃহস্পতিবার সকালে কিছুটা থমকে যায়।
পশ্চিমা লঘুচাপের কারণে সকাল সাড়ে আটটার দিকে দমকা বাতাসসহ এই বৃষ্টিতে অফিস, স্কুলগামী মানুষ ভোগান্তিতে পড়েন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে সারাদেশের নদী বন্দরগুলোকে ২ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। রাজশাহী এবং রংপুরেও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমা লঘুচাপ থাকতে পারে। এসময় সারা দেশে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
