হিসাব খেলাপি ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিশনের চিঠি
বেঁেধদেওয়া সময়সীমার মধ্যে হিসাব না দেওয়া ১৫ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ১৫ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, জরুরী ক্ষমতা অধ্যাদেশ ২০০৭--এর অধীনে কমিশন নোটিশ জারির ৭২ ঘন্টার মধ্যে এদের স্বনামে এবং স্ত্রী, সন্তান ও আত্মীয়দের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছিলো। কিন্তু তারা তা দিতে ব্যর্থ হয়েছেন। তাই আইন অনুসারে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হোক।
চিঠিতে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বলা হয়েছে তারা হলেন, আবুল হাসানাত আব্দুল্লাহ, হারিছ চৌধুরী, গিয়াসউদ্দিন আল মামুন, শামীম ওসমান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, জয়নাল আবেদীন হাজারী, হাজী মকবুল হোসেন, আহমেদ আকবর হোসেন সোবহান (শাহআলম) এবং জহুরুল হক।
তবে আদালতে রিট করায় জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, হাজী মো. সেলিম, এস এম মোস্তফা রশিদী সুজা, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এবং মুন্সীগঞ্জ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আলাদা একটি পাদটীকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন,“ যারা সম্পত্তির হিসেব জমা দেননি তাদের বিরুদ্ধে দুই একদিনের মধ্যেই ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন।”
১৮ ফেব্র“য়ারি কমিশন জরুরি অধ্যাদেশ ২০০৭ এর আওতায় দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সব স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয়। এই সময়ের মধ্যে সম্পত্তির হিসাব দিতে ব্যর্থ হলে সরকার তালিকাভুক্তদের সম্পদ ক্রোক করবে বলে নোটিশে বলা হয়েছিল। তালিকার ৩৫ জন তাদের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসেব দাখিল করলেও ১৫ জন তা দেননি।
