২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরম জালিয়াতি: প্রধান আসামী গ্রেপ্তার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০০৬ -- ২০০৭ শিক্ষাবর্ষের চারটি অনুষদের ভর্তি ফরম জালিয়াতি মামলার প্রধান আসামী মাহবুবুল হাসান শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিমুল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিজ্ঞান বিভাগের সেকশন কর্মকর্তা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার রাতে নগরীর গল্লামারী এলাকা থেকে বটিয়াঘাটা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রোববার রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বটিয়াঘাটা থানার দারোগা আশীষ কুমার জানান, ২০০৬-- ২০০৭ শিক্ষাবর্ষের জীব বিজ্ঞান, বিবিএ, কলা ও মানবিক এবং সমাজবিজ্ঞান অনুষদের বিপুল পরিমাণ জাল ফরম তৈরি করে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে শিমুল।

বিক্রি হওয়া ফরমের মূল্য ৫ লাখ টাকা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমান শিমুলসহ পাঁচজনকে আসামী করে মামলা করেন।

অপর চার আসামী হলো বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের কর্মচারী লতিফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম, স ম আবদুল কালাম ও জনৈক সোহেল।