জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা হচ্ছে
দেশে বিদেশে বিভিন্ন সময়ে দেওয়া অঙ্গীকার রাখতে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০০৭-২০১৫’ শীর্ষক এ পরিকল্পনার উদ্দেশ্য দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে এনে দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠিসহ ক্ষতিগ্রস্তদের এর ভয়াবহতা থেকে রক্ষা এবং সে সঙ্গে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষায় করণীয় নির্ধারণ।
উপদেষ্টা উপস্থাপিত পরিকল্পনায় সংশোধন ও সংযোজনের প্রস্তাব থাকলে লিখিত আকারে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয় মাধ্যমে প্রেরণের আহ্বান জানান। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রক্রিয়াধীন সরঞ্জাম ক্রয়ের বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
