পাবনায় সাবেক সাংসদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৪২ টি টিন উদ্ধার
পাবনার সুজানগর থেকে রোববার সন্ধ্যায় যৌথবাহিনী বিএনপির সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিবের নিজের নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ও জিয়া পরিষদ অফিসে অভিযান চালিয়ে ৩৪২ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করেছে।
এ সময় সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজে কর্মচারি আবু বকরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, পাবনা-- ২ আসনের বিএনপির সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিব জোট সরকারের আমলে মালিফায় নিজের নাম ‘সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজ’ প্রতিষ্ঠা করেন।
এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে দুস্থদের জন্য খয়রাতি বাবদ ত্রাণ মন্ত্রণালয় থেকে দুই দফায় যে ঢেউটিন বরাদ্দ করা হয় তার অধিকাংশই সাবেক সাংসদ তার কলেজে ব্যবহার করেন।
সম্প্রতি বিভিন্ন স্থানে ত্রাণের টিন উদ্ধার অভিযান শুরু হলে রোববার দুপুর থেকে সাবেক সাংসদের লোকজন কলেজে ওই ঢেউটিন খুলে সরিয়ে ফেলার চেষ্টা করে।
খবর পেয়ে যৌথবাহিনী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলামকে নিয়ে রোববার সন্ধ্যায় এ কলেজে অভিযান চালায়।
এ সময় সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজ ও একই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত জিয়া পরিষদ অফিস থেকে ৩৪২ পিস ঢেউ টিন উদ্ধার করা হয়।
এ সময় কলেজের কর্মচারী আবু বকরকে আটক করলেও সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব ও কলেজ অধ্যক্ষকে যৌথবাহিনী গ্রেপ্তার করতে পারেনি।
