২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আওয়ামী লীগের সাবেক সাংসদ ঝন্টু ও তার ভাই গ্রেপ্তার

রংপুরের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শরফ উদ্দিন আহম্মেদ ঝন্টু ও তার ছোটভাই আবু আজগর আহম্মেদ পিন্টুকে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:40 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

পিন্টু জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব।

যৌথবাহিনী সূত্র জানায়, শরফ উদ্দিন ঝন্টুর বিরুদ্ধে অস্ত্র আইন সহ ৫টি মামলা রয়েছে।

ঝন্টু পৌরসভা চেয়ারম্যান থাকাকালে নিয়ম বর্হিভুত ভাবে এডিবি প্রকল্পের কাজের দুর্নীতিসহ কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি নামমাত্র মূল্যে ইজারা দিয়েছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া বিভিন্ন সময়ে দায়ের করা আগের ৫টি মামলার মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

রাতে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে কোতায়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঝন্টুর ভাই আবু আজগর আহম্মেদ পিন্টুর বিরুদ্ধে মোটর মালিক সমিতির নামে দীর্ঘ ১৮ বছর ধরে লাখ-লাখ টাকার অবৈধ চাঁদা আদায়, আয় বর্হিভুত সম্পত্তি গড়ে তোলা ও মোটর মালিক সমিতির নেতৃত্বের দখলদারিত্ব রাখার অভিযোগ রয়েছে।

পিন্টুকে গ্রেপ্তারের পর মোটর মালিক সমিতির হিসাবরক্ষক নিতাই চন্দ্র মোহন্তকে আটক করা হয়। নিতাই মোহন্তের স্বীকারোক্তি অনুয়ায়ী সমিতির কার্যালয় থেকে অবৈধ চাঁদা আদায় সহ অনেক অপকর্মের গুরুত্বপূর্ণ নথিপত্র সেনা সদস্যরা উদ্ধার করেন। এ সময় কার্যালয় থেকে অত্যাধুনিক একটি ছুরিও উদ্ধার করা হয়।

পিন্টুকে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আয় বর্হিভুত সম্পত্তি গড়ে তোলা ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, “শুক্রবার রংপুর কোর্টে হাজির করার পর তাদেরকে সন্ধ্যায় জেলা হাজতে পাঠানো হয়েছে। এছাড়া দুই ভাই এর প্রত্যেকের এক মাসের আটকাদেশ চেয়ে রংপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে পৃথক আর্জি পেশ করা হয়েছে।”