গাজীপুরে ৫ হাজার লিটার ভেজাল মবিল জব্দ
যৌথবাহিনী শুক্রবার দুপুরে গাজীপুরের একটি কারখানা থেকে ৫ হাজার লিটার ভেজাল মবিল জব্দ করেছে। অভিযানের সময় সিথি ইন্টারন্যাশনাল নামে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
কারখানার মালিক, ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা কর্মচারীরা গা--ঢাকা দেওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা দুপুর ১২টার দিকে গাজীপুর সদরের ভিমবাজার এলাকার সিথি ইন্টারন্যাশনালে অভিযান চালায়।
সেখানে পোড়া মবিল জ্বাল দিয়ে রাসায়নিক পদার্থ মিশিয়ে নতুন চেহারার মবিল তৈরি করা হতো।
জিজ্ঞাসাবাদে দুই পাহারাদার আ. আজিজ (৪৫) ও রইস (৩০) জানান, দুই একদিন পর পর রাতে ট্রাক ভর্তি করে পোড়া মবিলের ড্রাম কারখানায় আসা হতো।
তারা আরও জানান, কারখানার মালিকের নাম আবুল কাশেম। তার বাড়ি রংপুর হলেও বছরের অধিকাংশ সময় সে আমেরিকায় থাকে।
অভিযানে অংশ নেওয়া এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নকল কারখানাটি সিলগালা করা হয়েছে। কিছু প্রক্রিয়া শেষে শিগগিরই মামলা দায়ের করা হবে।
