২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বায়ু ও শব্দ দুষণের অভিযোগে সোয়া লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালত নগরীর হালিশহর এবং বন্দর সংরক্ষিত এলাকায় অভিযান চালিয়ে বুধবার বায়ু দুষণ ও শব্দ দুষণের দায়ে একটি কারখানা এবং আটটি ট্রাককে সোয়া লাখ টাকা জরিমানা আদায় করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আদালত পরিবেশ ছাড়পত্র ছাড়াই হালিশহরে মেসার্স মহিউদ্দিন নামক একটি স্টোন ক্রাশিং কারখানায় পাথর বিচুর্ণ করে ব্যাপক বায়ু ও শব্দ দুষণ ঘটানোর দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত বন্দরের সংরক্ষিত এলাকায় অপর এক অভিযানে বায়ু ও শব্দ দূষণের দায়ে ৮টি ট্রাককে পৌনে এক লাখ টাকা জরিমানা করে।

এদিকে, একই আদালত বন্দর টিলা হাসপাতাল নামে একটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে এটির দুই ডাক্তারকে আটক এবং এক লাখ টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার আদালতের অভিযানের পর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সবিহীন এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার এই হাসপাতালের ডা. হারুনুর রশীদ ও ডা. জালাল আহমদকে ভ্রাম্যমান আদালত আটক করে এবং টাকা জরিমানা করে।