জিএসএমএ লিডারশিপ অ্যাওয়ার্ড পেল ভারত
মোবাইল যোগাযোগের ক্ষেত্রে ভারতের অভাবনীয় সাফল্যের জন্য জিএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ) “গর্ভমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০০৭” পুরস্কার পেয়েছে ভারত সরকার।
গত তিন বছরে মোবাইল টেলিযোগাযোগের ক্ষেত্রে নীতি নির্ধারণ ও আইনি কাঠামো গড়ে তোলার পুরস্কার হিসেবেই এই স্বীকৃতি পেল ভারত। বার্সেলোনায় অনুষ্ঠানরত জিএসএমএর লিডারশিপ সামিট-এ মঙ্গলবার পুরস্কারটি দেয়া হয়। জিএসএমএর প্রধান নির্বাহী রব কনওয়ে সেটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন ভারতের তথ্য ও যোগাযোগমন্ত্রী থিরু দয়ানিধি মারানের হাতে।
মাত্র কয়েক বছর আগেও নানা চ্যালেঞ্জের মুখে ভারতে মোবাইল ফোনের বাজার ছিল সংকুচিত। সরকারের নীতিমালাসহ বিভিন্ন সংস্কারের ফলে এখন সেই বাজার ফুলে ফেঁপে উঠছে। ভারতীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সেখানকার মোবাইল অপারেটররা মিলে এখন প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ লাখ নতুন গ্রাহকদের সংযোগ দিচ্ছে।
ভারত সরকারের এসব সংস্কারের মধ্যে রয়েছে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আইন শিথিল করা। টেলিকম প্রতিষ্ঠানের বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
পাশাপাশি দূরপাল্লার ঘরোয়া ও আন্তর্জাতিক কলের বাজারের ক্ষেত্রেও উদার নীতি গ্রহণ করা হয়েছে আর
মোবাইল টেলিযোগাযোগের অগ্রগতির জন্য বাণিজ্যিক বেতার তরঙ্গ বৃদ্ধি, নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগিতে সহায়তা দেওয়া এবং তৃতীয় প্রজন্মের মেবাইলের জন্য আইএমটি-২০০০ কোর ব্যান্ডের ব্যবস্থা করেছে ভারতীয় সরকার।
এর আগে ২০০৫ সালে ব্রাজিল ও ২০০৬ সালে পাকিস্তান জিএসএমএ-র “গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড” পেয়েছিল।
